রাজধানীর হাজারীবাগে রয়েল পুকুর নামে পরিচিত একটি পুকুরে ডুবে মো. সাব্বির আহমেদ রাব্বি (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ৮ টায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র রাব্বি হাজারীবাগ ট্যানারীমল গজমহল এলাকার মো. সালাউদ্দিনের ছেলে।

সালাউদ্দিন জানান, স্থানীয় শিশুদের সঙ্গে ফুটবল খেলা শেষে সন্ধ্যায় রয়েল পুকুরে গোসল করতে গেলে তলিয়ে যায় রাব্বি।

পরে সংবাদ পেয়ে আমরা কয়েকজন পুকুরে নেমে খুঁজতে থাকি। এক পর্যায়ে রাব্বিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসআর