সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, নবম ওয়েজবোর্ড গঠনে টালবাহানা করছে সরকার। সরকারি কর্মচারিদের বেতন দ্বিগুন করার পর সাংবাদিকদের নতুন ওয়েজবোর্ড গঠন অনেক আগেই অপরিহার্য হয়ে পড়েছে। কিন্তু সরকার ছলচাতুরি করে কালক্ষেপন করছে।
সাংবাদিক ও সংবাদপত্রসেবীদের প্রতিনিধিত্বকারি সব সংগঠনের সমন্বয়ে অবিলম্বে নবম ওয়েজবোর্ড গঠন করতে হবে। তা না হলে সাংবাদিক, শ্রমিক কর্মচারি ঐক্যজোটের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নবম ওয়েজবোর্ড গঠনে বাধ্য করা হবে। এক তরফাভাবে কোন কিছু করা হলে সাংবাদিক সমাজ তা মানবে না। একই সঙ্গে বন্ধ সব মিডিয়া খুলে দিয়ে সাংবাদিকদের বেকারত্বের মিছিল থামাতে হবে। মাহমুদুর রহমানসহ কারাবন্দী সাংবাদিকদের মুক্তি দিতে হবে।
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজে আয়োজিত ‘নবম ওয়েজবোর্ড অবিলম্বে গঠন, মাহমুদুর রহমানসহ কারাবন্দী সকল সাংবাদিকের মুক্তি, সব বন্ধ মিডিয়া খুলে দেয়া ও সাগর-রুণীসহ সকল সাংবাদিক হত্যা-নির্যাতনের বিচারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা এসব কথা বলেন।
বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন হারুন-এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী, বিএফইউজে’র মহাসচিব এম. আবদুল্লাহ, সাবেক মহাসচিব এম এ আজীজ, ডিইউজে’র সভাপতি কবি আব্দুল হাই সিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, বিএফইউজে’র সহকারি মহাসচিব মোদাব্বের হোসেন, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, দফতর সম্পাদক আবু ইউসুফ, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক কাদের গণি চৌধুরী, ডিইউজে’র সহ-সভাপতি খোরশেদ আলম ও সৈয়দ আলী আসফার, সাংবাদিক নেতা আবুল কালাম মানিক, জাকির হোসেন, কামার ফরিদ, ফয়েজ উল্লাহ ভ‚ইয়া, সাখাওয়াত ইবনে মইন চৌধুরী, জসিম মেহেদী, ডি.এম. আমিরুল ইসলাম অমর প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন ডিইউজে’র যুগ্ম সম্পাদক শাহীন হাসনাত ।
সমাবেশে রুহুল আমিন গাজী বলেন, আজ কেউ সত্য কথা বলতে পারছে না। বললেই তাকে নানা ধরনের নির্যাতনের শিকার হতে হচ্ছে। দেশের কোনো মানুষ আজ নিরাপদে নেই। সাংবাদিকরা আজ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। অনৈতিকভাবে সরকার অনেক মিডিয়া বন্ধ করে দিয়েছে।
তিনি বলেন, এই সরকারের আমলে ২৭ জন সাংবাদিক খুন হয়েছে, এখনো একটা খুনেরও বিচার হয়নি। আজ সারাদেশে সাংবাদিকরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। তিনি আরো বলেন, নবম ওয়েজবোর্ড গঠনসহ যতদিন বন্ধ মিডিয়া খুলে না দেয়া হবে, সাগর-রুনীসহ ২৭ জন সাংবাদিক হত্যার বিচার না হবে, মাহমুদুর রহমানসহ সকল সাংবাদিকদের মুক্তি না দেয়া হবে এবং সাংবাদিকদের অধিকার বাস্তবায়ন না হবে ততদিন আমাদের আন্দোলন চলছে এবং চলবেই।
এম আবদুল্লাহ বলেন, নবম ওয়েজবোর্ড সাংবাদিকদের কোন আবদার নয়, এটা প্রাপ্য। সরকারি কর্মচারিদেও নতুন স্কেল দিয়ে বেতন দ্বিগুণ করা হয়েছে। তার দুই বছর পরও সাংবাদিকদের ন্যায্য বেতন নিশ্চিত করা হচ্ছে। ওয়েজবোর্ড গঠন নিয়ে তথ্য মন্ত্রণালয় গড়িমসি করছে। যুগ যুগ ধরে সাংবাদিক ও সংবাদপত্র সেবীদের সব সংগঠনের সমন্বয়ে ওয়েজবোর্ড গঠিত হয়ে আসছে। অথচ এবার রেজিষ্ট্রার্ড চারটি সংগঠনকে উপেক্ষা করে তথ্য মন্ত্রণালয় ওয়েজবোর্ড গঠন নিয়ে তামাশা শুরু করেছে। এ ধরণের তামাশা সাংবাদিক ও সংবাদপত্রসেবিরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।
তিনি বলেন, সব মামলায় জামিন পাওয়ার পরও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে অকারণে কারাগারে আটকে রেখেছে। যশোরের সাংবাদিক নেতা তারেককে ৫ মাস ধরে অন্যায়ভাবে জেলে আটকে রাখা হয়েছে। কক্সবাজারের সম্পাদক সাইফুল ইসলামকে অফিস থেকে তথ্য প্রযু্িক্ত আইনে ধরে নিয়ে কারাগারে রাখা হয়েছে। তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে।
এম এ আজিজ বলেন, ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া কখনোই ওয়েজবোর্ড হয়নি। এখন এক তরফা কোন ওয়েজবোর্ড যদি গঠিত হয়ও তা হবে বিকলাঙ্গ। সেটা সাংবাদিকদের জন্য কল্যাণকর হবে না।
কবি আব্দুল হাই সিকদার বলেন, আজ আমরা নিয়ন্ত্রিত গণমাধ্যমের যুগে বসবাস করছি। বর্তমানে মানুষের বাক স্বাধীনতা নেই।
এসবের জন্য শেখ হাসিনা সারাজীবন ইতিহাসে ঘৃনিত হয়ে থাকবে। তার সরকারের জানাজা এখন সময়ের দাবী। তিনি বলেন, বর্তমান ভোটারবিহীন সরকারকে হটাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আন্দোলন করা ছাড়া আর কোনো উপায় নেই। সর্বাত্মক আন্দোলনই অধিকার আদায়ের হাতিয়ার। এসময় তিনি অবিলম্বে আমার দেশ পত্রিকা খুলে দিয়ে মাহমুদুর রহমানকে মুক্তি দেয়ার আহম্বান জানান।
জাহাঙ্গীর আলম প্রধান বলেন, নবম ওয়েজবোর্ড গঠন এখন সময়ের দাবী।
ওয়েজবোর্ড গঠনের ক্ষেত্রে সাংবাদিকদের রেজিস্ট্রার্ড সংগঠনের পাশাপাশি সংবাদপত্র কর্মচারি ফেডারেশন ও প্রেস শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সাংবাদিকরা আজ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তারা আজ সত্য উচ্চারণ করলেই মামলা-হামলা-গুম-খুনের শিকার হচ্ছে। এভাবে দেশ চলতে পারে না। এসময় তিনি নবম ওয়েজবোর্ড গঠন করে আমার দেশসহ সব বন্ধ গণমাধ্যম খুলে অবিলম্বে মাহমুদুর রহমানের মুক্তির দাবী জানান।
এআই





