সাতক্ষীরার কালিগঞ্জে যৌতুক না পেয়ে স্ত্রী ও ২ বছরের মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছেন এক ব্যক্তি। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তারালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্ত্রী সাবিনা (২৬) ও মেয়ে আয়েশা সিদ্দিকীকে (২)।

খবর পেয়ে মঙ্গলবার সকালে আব্দুর রউফকে (৩২) তার গ্রামের বাড়ি ঘোনা থেকে আটক করেছে পুলিশ। তার বাবার নাম আব্দুল্লাহ সরদার।

নিহত সাবিনার মা জাহানারা বেগম জানান, রউফ রাতে তাদের বাড়িতেই ছিলেন। রাত সাড়ে ১২টার পর হঠাৎ শব্দে তার ঘুম ভেঙে যায়। ঘুম থকে উঠে তিনি দেখেন রউফ সাইকেল নিয়ে বের হয়ে যাচ্ছেন। এ সময় তিনি সাবিনার ঘরে গিয়ে দেখতে পান দু'জনের নিথর দেহ পড়ে আছে।

এ বিষয়ে কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর মনির হোসেন জানান, 'রউফের মা সম্প্রতি ছাদ থেকে পড়ে গিয়ে আহত হন। তিনি বর্তমানে রাজধানীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন। সেখানে বেশ কিছু বিল বকেয়া পড়েছে, যা রউফ পরিশোধ করতে পারছিলেন না। এ নিয়ে তিনি সাবিনাকে টাকার জন্য চাপ দিচ্ছিলেন। এ কারণে উভয়ের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।'

এআই