সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে জমি নিয়ে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে।
নিহতরা হলেন- হাফিজ মো. আবু সাঈদ, তিনি উপজেলার হাবিদপুর গ্রামের মো. আব্দুল কাইয়ুমের ছেলে। অপর জনের নাম মো. সুলতান আলী। তিনি একই উপজেলার বিনোন্দপুর গ্রামের আসদ আলীর ছেলে।
জাউয়া বাজারের একটি দোকানের সীমানা নিয়ে জাউয়া সাহিত্য পাড়া'র আব্দুল ওয়াহিদ এবং হাবিদপুরের আব্দুল কাহারের লোকজনের মধ্যে বৃহস্পতিবার সকালে দুই দফায় সংঘর্ষ হয়। প্রথম দফায় সংঘর্ষে কমপক্ষে ২০জন আহত হন। স্থানীয় কৈতক হাসপাতালে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহত ফজরুল ইসলাম, আব্দুল কাহার, আবু সাঈদ ও আবু তালেবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মারা যান আহত হাফিজ আবু সাঈদ।
এঘটনার পর আব্দুল কাহারের পক্ষ আব্দুল ওয়াহিদের লোকজনকে পার্শ্ববর্তী গ্রাম বিনোন্দপুরে গিয়ে ধাওয়া দেয়। ওখানে আরেক দফায় সংঘর্ষ শুরু হলে মো. সুলতান আলীসহ গ্রামের লোকজন ফেরানোর চেষ্টা করেন। এসময় সুলতান আলী অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ সুলতান আলীকে কৈতক হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সুপার মো. বরকতুল্লাহ্ খান জানান, সংঘর্ষে ঘটনাস্থলে একজন মারা গেছেন। সুলতান আলী নামের আরেকজন বিনোন্দপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে কৈতক হাসপাতালের কর্তব্যরত ডাক্তার পুলিশকে জানিয়েছেন। সুলতান আলী কোন পক্ষের নয় বলে জানান পুলিশ সুপার।
এমই/জেড





