বগুড়ার শাজাহানপুরের গা- গ্রামে হরিবাসরে নারীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে।

শনিবার রাত ১১টার দিকে গ্রামের কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সনাতন চন্দ্র মদক (২৮) উপজেলার গা- গ্রামের সুরেশ মদকের ছেলে। খুনের সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ দুইজনকে আটক করেছে। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, গ-াগ্রাম কালীবাড়িতে গত শুক্রবার ভোর থেকে হিন্দুসম্প্রদায়ের হরিবাস শুরু হয়। শনিবার রাত ১১টার দিকে হরিবাসরে যাওয়া নারীদেরকে উত্ত্যক্ত করে স্থানীয় কয়েকজন যুবক। এ সময় রতন নামে এক যুবক প্রতিবাদ করলে তাকে মারধর করে উত্ত্যক্তকারীরা। এ সময় রতনের ভগ্নিপতি সনাতন মদক রতনকে উদ্ধার করতে গেলে তাকে ছুরিকাঘাত করা হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে।
এদিকে হরিবাসরে যুবক খুনের ঘটনায় ক্ষুদ্ধ হয়ে ওঠে হিন্দু সম্প্রদায়ের লোকজন। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে।

শাজাহানপুর থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

এম আর