দেশে সম্প্রতি সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের মাধ্যমে ‘মৃত্যুর মিছিল’ বন্ধের দাবি জানিয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী।
বুধবার (৮ জুন) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনটি।
উদীচীর সহ-সভাপতি বদিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক সংগীতা ইমাম, অমিত রঞ্জন দে, ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার, সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ক্বাফি রতন, কেন্দ্রীয় খেলাঘর সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান সাগর, গণজাগরণ মঞ্চ কর্মী জীবনানন্দ জয়ন্ত প্রমুখ।
সংগীতা ইমাম বলেন, এ দেশে কেউ এখন নিরাপদ নয়। বলা হয়ে থাকে যে বিভিন্ন বাহিনী এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপদ। কিন্তু এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা মিতু খুন হওয়ার পর এটা পরিস্কার যে, এ দেশে কেউ আর নিরাপদ নয়।
তিনি আরও বলেন, তাই সরকারকে বলবো, আপনারা আর মুখ লুকিয়ে রাখবেন না। শক্ত হাতে এ হত্যাকেণ্ডের বিচার করুণ, না হলে বাংলাদেশ অচিরেই জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হবে।
লাকি আক্তার বলেন, মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। চাপাতির নিশানা থেকে কেউ আর রেহাই পাচ্ছে না। একই কায়দায় একের পর এক হত্যাকাণ্ড সংগঠিত হলেও বিচার হচ্ছে না খুনিদের। সরকার এর দায় কোনভাবেই এড়াতে পারে না।
বিচারহীনতার সংস্কৃতি এবং সরকারের নির্লিপ্ততাই একের পর এক হত্যাকাণ্ডে খুনিদের উৎসাহ জোগাচ্ছে বলে মন্ত্রব্য করেন লাকি আক্তার।
এ ধরনের ন্যাক্কারজনক হত্যাকাণ্ড বন্ধে সরকারের সক্রিয়তার পাশাপাশি জনগণকেও প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মনে করেন অন্যান্য বক্তারা।
ওএফ





