টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার। এদিকে গতকাল রবিবার মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনের প্রচার-প্রচারণা।
তিনজন প্রার্থী উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন: আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী, বিএনএফের আতাউর রহমান (বড় ভাই) ও এনপিপির ইমরুল কায়েস।
এই আসনের ১৩ ইউনিয়ন ও দুই পৌরসভায় মোট ভোটার ৩ লাখ ৭৭ হাজার জন। ভোট কেন্দ্র ১০৭টি, ভোট কক্ষ ৬৬১টি, প্রিজাইডিং অফিসার ৬৬১জন ও পোলিং এজেন্ট ১৩৮৮জন।
উপজেলা নির্বাচন অফিসার মাসুদ আহমদ বলেন, প্রার্থীরা বিধি অনুযায়ী প্রচার-প্রচারণা চালিয়েছেন। রবিবার মধ্যরাতে প্রচার-প্রচারণার সময়সীমা শেষ হয়। কোনো প্রার্থী যদি আচরণবিধি লঙ্ঘন করে প্রচার-প্রচারণা চালান তাহলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আশাকরি সুষ্ঠুভাবেই নির্বাচন শেষ হবে।
কালিহাতী থানার ওসি খ.মো.আখেরুজ্জামান বলেন, নির্বাচনে সহিংসতা এড়াতে ও নির্বাচন সুষ্ঠু করতে বিপুল পরিমাণ পুলিশ, বিজিবি, আনসার মোতায়েন করা হয়েছে।
এমএনজে





