নরসিংদী সদর উপজেলার চিনিশপুরে স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে চিনিশপুর গ্রামের কালিবাড়ি মন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুজন সাহা (৩৪) ঢাকা পীরের বাগ এলাকার বিমল সাহার ছেলে। স্ত্রীর পরকীয়ায় এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে দাবি করেছেন নিহতের স্বজনরা।
নিহত সুজনের বড় বোন সীমা সাহা জানিয়েছেন, প্রায় ৫ মাস পূর্বে নরসিংদীর রাজাদী এলাকার কাশীনাথ সাহার মেয়ে অদিতি সাহাকে বিয়ে করে সুজন। বিয়ের পর থেকেই অদিতি শাশুড়ীর মোবাইল নিয়ে দীর্ঘ সময় সবার আড়ালে গিয়ে কথা বলত। এরপর সুজন স্ত্রীকে একটি মোবাইল কিনে দিলে বাথরুমে ঢুকে ঘণ্টার পর ঘণ্টা কথা বলত অদিতি। এতে বাড়ির সবাই বিরক্ত হয়ে তার কাছ থেকে মোবাইল নিয়ে নেয়। এ নিয়ে স্বামী ও শাশুড়ীর সঙ্গে মনোমালিন্য হয় তার।
বুধবার অদিতি নিজের গহনা ও সকল কাপড়-চোপড় গুছিয়ে মনসা পূজার কথা বলে বাবার বাড়ি উদ্দেশ্যে বেরিয়ে আসে। পরে বাধ্য হয়ে সুজন তাকে নিয়ে বাবার বাড়িতে(নরসিংদী) আসেন। রাতে ট্রেন থেকে নেমে সাড়ে ১১টার দিকে রিকশাযোগে রাজাদী যাবার পথে চিনিশপুর কালি বাড়ির অদূরে কতিপয় দুর্বৃত্ত তাদের পথরোধ করে। এ সময় স্ত্রী অদিতিকে ছেড়ে দিয়ে স্বামী সুজনকে এলোপাথারী কুপিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে তার চিৎকারে পথচারী ও পার্শ্ববর্তী বাড়ির লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে নরসিংদীর সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আলম বুধবার রাতে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এএইচ





