আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রোববার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুর্নবাসন কেন্দ্রে ঘটে এ ঘটনা। আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ ঢাকার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- রুবেল মিয়া (২৬), মনির হোসেন (২৯), ওমর আলী (৩০), নাছির উদ্দিন (৩৩), মতি মিয়া (২৮), মারুফ হোসেন (৩৪), ফরিদা ইয়াছমিন (৪০), হাসিনা আক্তার (৩৮), ওমর ফারুক (৪১), মনির হোসেন (২২), আনোয়ার হোসেন (৪৮), জাহানারা বেগম (৫০), আলী হোসেন (৪৫), আমেনা খাতুন (২১)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, চনপাড়া পুর্নবাসন কেন্দ্রের বিভিন্ন কাজের ভাগ-ভাটোয়ারা ও নেতৃত্বের আধিপত্য নিয়ে জাহানারা বেগমের সমর্থকদের সঙ্গে আনোয়ারের সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
বিকাল সাড়ে ৫টার দিকে জাহানারা বেগম মদ পান করে আনোয়ার হোসেনকে গালিগালাজ করেন। এ সময় দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়।
রাত ৮টার দিকে এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ সময় বেশকিছু বাড়িঘর ও দোকানপাটেও হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল ইসলাম জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে চনপাড়া পুর্নবাসন কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





