বিসিক শিল্প এলাকার একটি মিল থেকে বিপুল পরিমাণ চাল জব্দ করেছে সদর উপজেলা প্রশাসন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামের নেতৃত্বে শনিবার রাত ৯টা থেকে অভিযান পরিচালিত হয়। তিনি বিষয়টি রবিবার দুপুর ১টার দিকে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, কাবিখা, টিআর, ভিজিডিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দ চাল গোপনে ক্রয় করে ওই গুদামে মজুদ রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার তাজরেজা ফ্লাওয়ার মিলের একটি গুদামে অভিযান চালিয়ে এ সব চাল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জব্দ চাল ১০ টনের বেশী হতে পারে। তবে স্থানীয়রা জানান, দুই গুদামে দুই শ’ টনের মতো চাল মজুদ রাখা হয়েছিল। চাল জব্দের পর গুদামটি সিলগালা করা হয়েছে। চালগুলো বৈধ কিনা— তা যাচাই করার জন্য কক্সবাজার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

স্থানীয়রা জানান, গুদামের মালিক আবদুস সোবহান। গুদাম পরিচালনা করেন রফিক ও সাগর নামে দুই ব্যবসায়ী। ওই চাল সরকার বিভিন্ন উন্নয়ন কাজের জন্য গ্রাম পর্যায়ে বরাদ্দ দেয়। কিছু অসাধু ব্যবসায়ী ওই চাল গোপনে কিনে পরে বাজারে বেশী দামে বিক্রি করেন।

তাজরেজা ফ্লাওয়ার মিলের কর্মচারী মোহাম্মদ আনোয়ার জানান, চালগুলো বৈধ। সরকারি নিয়ম মেনেই ক্রয় করা হয়েছিল।

এ সব চাল কাবিখা প্রকল্প থেকে কেনা হয়েছে বলেও জানান তিনি।

জেআই