বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন মায়ানমার হয়ে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বিমান চলাচল সুবিধা সম্প্রসারণের আগ্রহ ব্যক্ত করেছেন।

মন্ত্রী বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন কোয়ান থোর এর সঙ্গে বৈঠককালে এ আগ্রহের কথা জানান।

পর্যটনখাতে লাভজনক বিনিয়োগের অবারিত সুযোগ সৃষ্টি হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ভিয়েতনাম বাংলাদেশের এ লাভজনক খাতে বিনিয়োগ এগিয়ে এসে এ সুযোগ কাজে লাগাতে পারে।

রাশেদ খান মেনন ভিয়েতনামের জনগণের দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের কাহিনী স্মরণ করে বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের মানুষের চেতনার  ঐতিহাসিক এক মিল রয়েছে। তিনি বাংলাদেশ ও ভিয়েতনাম বন্ধুপ্রতীম দুটি দেশের মধ্যে বিরাজমান চমৎকার সম্পর্ক আগামী দিনগুলোতে আরো সুদৃঢ় হবে বলে আশা করেন।

রাষ্ট্রদূত বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের সুদৃঢ় অবস্থানসহ বিভিন্নখাতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। তিনি বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে সরাসরি বিমান চলাচল দু’দেশের বাণিজ্য বিকাশে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন ।

এসময় সংসদ সদস্য বাংলাদেশের ওয়ার্কার্স পাটির পলিট ব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা উপস্থিত ছিলেন।

এএইচ