সড়ক দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুর খবরে সাভারে একটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল পুলিশ পণ্ড করে দিয়েছে।

শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা এলাকায় ‘মাইক্রো ইনস্টিটিউট অব টেকনোলজি’র শিক্ষার্থীদের মিছিলে এ হামলার ঘটনা ঘটে।

এতে দশ শিক্ষার্থী আহত হয়েছে বলে শিক্ষার্থীদের অভিযোগ। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামানের ভাষ্য, মহাসড়ক বন্ধ করে শিক্ষার্থীরা যানজট তৈরি করায় তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড রানা প্লাজার সামনে বাস চাপায় মাইক্রো ইনস্টিটিউট অব টেকনোলজির এক নিহত হয়েছেন।

তারা জানান, এ খবর ছড়িয়ে পড়লে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কের অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়।

বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে গেলে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে অভিযোগ তাদের।

এফএফ