জঙ্গি সন্দেহে ঢাকায় আটক তৌহিদুর রহমান ও আমিনুল মল্লিককে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

মঙ্গলবার সিলেট মহানগর হাকিম আদালতে তাদের হাজির করলে বিচারক সাহেদুল করিম গ্রেফতার দেখানোর নির্দেশ দেন।

এর আগে ঢাকায় ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় আটক তৌহিদুর রহমান, আমিনুল মল্লিক, আরিফুল ইসলাম, জাকিরুল প্রকাশ ও সাদেক আলিমকে অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় শ্যেন অ্যারেস্ট দেখানোর আবেদন করে গোয়েন্দা পুলিশ।

তবে আদালত তৌহিদ ও আমিনুলকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন। আরিফ ও জাকিরুলকে গ্রেফতার দেখানোর আবেদন মঙ্গলবার আমলে নেননি আদালত। এ দিকে সাদেক আলিমকে আজ মঙ্গলবার আদালতে হাজির করা হয়নি।

অনন্ত বিজয় দাশ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক আরমান আলী আদালতে এই ৫ জনের ১৫ দিনের রিমান্ড আবেদন জানান। কিন্তু সাদেক আলিমকে আদালতে হাজির না করায় বিচারক সাহেদুল করিম রিমান্ড আবেদন মঞ্জুর না করে আগামী ১৬ সেপ্টেম্বর রিমান্ড আবেদনের শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

গত ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে নিজ বাসার সামনে ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়। অনন্ত হত্যা মামলায় সিলেটের স্থানীয় একটি দৈনিকের ফটোসাংবাদিক ইদ্রিস আলী, শাবি ছাত্র মান্নান রাহি, তার ভাই মোহাইমিন নোমান এবং আবুল খায়ের নামক একজনকে আগেই গ্রেফতার করে পুলিশ। তন্মধ্যে মান্নান রাহি আদালতে অনন্ত বিজয় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

কেএইচ