মৃত শিশুকে জীবিত করতে ছাইয়ের নিচে লাশ রেখে দুই ঘন্টা অপেক্ষা। লাশের শরীর গরম হবে তার পর মৃত দেহের মধ্যে প্রাণ ফিরে আসবে। এই বিশ্বাস নিয়ে একটি শিশুর লাশ দুই ঘন্টা ছাইয়ের নিচে রাখা হয়। অবশেষে মৃত দেহে প্রাণ ফিরে না আসায় কবর দেয়া হয়।
ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড কৃষ্ণনগর গ্রামে। মৃত মানুষের দেহে প্রাণ ফিরে আসবে এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত নারী পুরুষ নুর আলমের বাড়িতে ভিড় জমায়।
সোমবার সকালে কৃষ্ণনগর গ্রামের নুর আলম মিয়ার শিশু কন্যা নুর জাহান (২) পানিতে ডুবে মারা যায়। তখন স্থানীয় লোকজন মৃত মেয়েটিকে জীবিত করার জন্য ঘরের দুয়ারে শিশুটিকে দুই ঘন্টা ছাইয়ের নিচে ঢেকে রাখে।
কৃষ্ণনগর গ্রামের রঙ্গু মিয়ার স্ত্রী মেহেরচান বিবি জানান, পূর্ব পুরুষ থেকে এই রেওয়াজ চলে আইছে। মানুষের দম চেপে থাকলে ছাইয়ের নিচে রাখা হলে মৃত মানুষ জীবিত হয়। তাই আমরা মেয়েটিকে ‘বাচাঁতে’ ঘরের সামনে মেয়েটির দেহ রেখে ছাই দিয়ে দুই ঘন্টা ঢেকে রাখি। কিন্তু দেহে প্রাণ ফিরে আসেনি।
প্রাণ ফিরে না আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ওর শরীর নিল হয়ে গেছে তাই প্রাণ ফিরে আসেনি। নিল না হলে ঠিকই জান চলে আসত। সিরাজ মিয়ার মা আবু তারা জানান, জান থাকলে জান চলে আসবে। ছাই দিয়ে দেহ ঢেকে রাখার ফলে ছাই মেয়েটির শরীরের পানি বের করে ফেলবে। এর আগে অনেকে এই ভাবে জীবিত হয়েছে বলে মুরুব্বিরা বলেছেন। তাই আমরা এই ব্যবস্থা করেছিলাম। কিন্তু নসিব খারাপ তাই জান ফিরে আসে নি।সূত্র: মানবজমিন
ঢাকা, ১সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





