জামালপুরের ইসলামপুর উপজেলার পূর্ব বাহাদুরপুর গ্রামে ছেলের হাতে বৃদ্ধ বাবা মেহের আলী (৭০) খুন হয়েছেন।

শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পালবান্ধা ইউনিয়নের ওই গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, মেহের আলীর (৭০) সঙ্গে তার ছেলে সানোয়ারের (৪৫) জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। শুক্রবার বিকালে বাড়ির পাশের একখণ্ড জমিতে বেগুনের চারা রোপণকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সানোয়ার ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে বাবার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইসলামপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) কাজী সাইদুর রহমান জানান, সন্ধ্যায় নিহত মেহের আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ