বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে রাবার বাগান মসজিদের এক ইমামকে অপহরণ করেছে সন্ত্রাসীরা।
স্থানীয়রা জানিয়েছেন, সোমবার রাত ২টার দিকে ৭/৮ জনের একদল সশস্ত্র ডাকাত নাজমা খাতুন রাবার বাগানের ৬নং প্লট তুলাতলি এলাকায় স্টাফ কোয়ার্টারে ঢুকে অস্ত্রের মুখে মসজিদের ইমাম রশিদ আহমদকে (৩৯) অপহরণ করে। পরে বাগানের ব্যবস্থাপক আল আমিনকে ফোন করে দুই লাখ টাকা চাঁদা দাবি করে তারা।
ওই এলাকা দুর্গম হওয়ায় এবং সেখানে মোবাইল নেটওয়ার্ক না থাকায় পুলিশ এ খবর জানতে পারে মঙ্গলবার রাতে। জানার পর পরপরই ইমামকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ।
নাইক্ষ্যংছড়ি বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আনিসুর রহমান জানান, কক্সবাজারের সপু ডাকাত দলের সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে। অপহৃতকে উদ্ধারে অভিযান চলছে।
এক সপ্তাহ আগে একই ইউনিয়নের ২নং ওয়ার্ড বরইচর এলাকা থেকে দুই রাবার শ্রমিককে অপহরণ করে আশি হাজার টাকার মুক্তিপণ আদায়ের পর ছেড়ে দেয় সন্ত্রাসীরা।
ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





