ষোড়শ সংশোধনীর প্রতিবাদে রোববার দুপুরে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে পাবনা জেলা আইনজীবী সমিতি।
বাংলাদেশ বার কাউন্সিলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর একটার দিকে পাবনায় শাখা বার সমিতি থেকে কালো পতাকা মিছিল বের করেন আইনজীবীরা। মিছিলটি জেলা পরিষদের সামনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বার সমিতির প্রধান কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে জেলা আইনজীবী সমিতির সভাপতি মির্জা আজিজুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক নাজমুল হোসেন শাহীন, জেলা আইনজীবী ফোরামের সভাপতি আরশেদ আলম, সাধারণ সম্পাদক শফিকুর রহমান প্রমুখ।
বক্তারা সরকারের প্রতি ষোড়শ সংশোধনী বাতিলের দাবি জানান এবং সোমবারের আদালত বর্জন কর্মসূচি সফল করার জন্য জেলার আইনজীবীদের প্রতি আহবান জানান।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





