শেরপুর জেলা কারাগার প্রাঙ্গণে অনুপ্রবেশের ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর সঙ্গে কারারক্ষীদের সংঘর্ষের ঘটনায় দুই কারারক্ষীসহ তিনজন আহত হয়েছেন। আহতেরা হলেন কারারক্ষী মো. সেলিম (৩০) ও মো. জাফর (৩০) এবং শেরপুর পৌর শহরের নওহাটা এলাকার বাসিন্দা মো. বিশু মিয়া (৫০)। বৃহস্পতিবার রাতে জেলা কারাগার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বিশু মিয়াকে আটক করেছে।

পুলিশ, কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলা কারাগার সদরের দমদমা কালিগঞ্জ এলাকায় অবস্থিত। বৃহস্পতিবার রাত আটটার দিকে নওহাটা এলাকার ৮-১০ জন এলাকাবাসী কারাবিধি ভঙ্গ করে একজন আসামির সঙ্গে দেখা করতে কারাগারের প্রবেশ ফটকে আসেন। এ সময় কর্তব্যরত কারারক্ষীরা তাঁদের বাধা দেন এবং কারাগার এলাকা থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ জানান। কিন্তু তা অমান্য করে কারাগারের ভেতরে অনুপ্রবেশের চেষ্টা করেন তারা। এ সময় কারারক্ষী ও এলাকাবাসীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় কারারক্ষী সেলিম ও জাফর এবং এলাকাবাসী বিশু মিয়া আহত হন।
খবর পেয়ে শেরপুর সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

কারাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন বলেন, এ ঘটনার ব্যাপারে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।সদর থানার উপপরিদর্শক (এসআই) জীবন কৃষ্ণ দাস বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বিশু মিয়াকে আটক করেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এমবিএইচ