আশুলিয়ায় ডাকাতের হামলায় মো. শাহজাহান নামের এক যাত্রীবাহী বাসের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে সুপারভাইজার ও হেলপার। হেলপারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে বাসটি উদ্ধার করা হলেও ডাকাত সদস্যদের আটক করতে পারেনি পুলিশ।
নিহত শাহজাহান টাঙ্গাইল জেলার সদর থানার চরগানা গ্রামের মৃত বিশা মিয়ার ছেলে। এছাড়া আহত গাড়ির হেলপার টাঙ্গাইল সদরের বিশ্বাস মৃধা গ্রামের মৃত মীর সানোয়ার হোসেনের ছেলে বাদশা মিয়া ও সুপারভাইজার শহিদুল খান টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পাছতা গ্রামের মৃত ইবাদাত খানের ছেলে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধলেশ্বরী পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকা থেকে টাঙ্গাইল যাচ্ছিল। এ সময় আবদুল্লাহপুর ও বাইপাইল থেকে ১৩ জন ডাকাত সদস্য যাত্রীবেশে বাসে উঠে। বাসটি চন্দ্রা ছেড়ে মির্জাপুর এলাকা এসে পৌঁছালে ডাকাত সদস্যরা বাসটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। কিন্তু চালক তাদেরকে বাসের চাবী দিতে অস্বীকৃতি জানায়।
এ সময় চালক ও হেলপারকে বাসের পেছনের সিটে বেধে রাখে ও ছুরি দিয়ে আঘাত করে। পরবর্তীতে মহাসড়কের আশুলিয়ার বলিভদ্র এলাকায় নিয়ে আসে ডাকাত সদস্যরা। পরে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের কাছ লুটপাট করে তারা পালিয়ে যায়। খবর পেয়ে বাসটি বলিবদ্র বাজার থেকে পুলিশ উদ্ধার করে। এ সময় বাসে পেছনের সিট থেকে চালক শাহজাহান মিয়ার, সুপারভাইজার শহিদুল ও হেলপার বাদশা মিয়াকে উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শাহজাহান মিয়াকে মৃত ঘোষণা করে।
এছাড়া আশঙ্কাজনক অবস্থায় বাসের হেলপারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। সুপারভাইজারকে গণ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় ডাকাত সদস্যদের আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের জন্য অভিযান চলছে বলেও জানান তিনি।





