নেত্রকোনার মদন উপজেলার পর্যটন কেন্দ্র ‘মিনি কক্সবাজার’ নামে খ্যাত উচিতপুরের হাওরে ঘুরতে এসে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ (০৬ আগস্ট) বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এনিয়ে নৌকাডুবির ঘটনায় ১৮ জনের মৃত্যু হলো।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ তালুকদার জানান, ময়মনসিংহের কোনাপাড়া এলাকার রাকিবুল ইসলাম (৪৪) নামের একজন নিখোঁজ ছিল। গোবিন্দশ্রী রাজালীকান্দায় নৌকাডুবির ঘটনাস্থল থেকে ৫০০ গজ দূরে আজ সকাল ৮টার দিকে একটি লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন। তারা পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। রাকিবুলের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিহত ব্যক্তিরা হলেন- ১. ময়মনসিংহের কোনাপাড়া এলাকার সাইফুল ইসলাম (৩০),২. জুবায়ের আহম্মদ (২২), ৩. জহিরুল ইসলাম (৩৫), ৪. জাহিদ হাসান (২০), ৫. শামীম হাসান (৩২), ৬. মাহফুজুর রহমান (২৮), ৭. আবু ইসহাক (৪০), ৮. আজাহারুল ইসলাম (৩৮), ৯. মাহমুদ মিয়া (১২), ১০. রেজাউল করিম (২১), ১১. মোজাহিদ (১৭), ১২. হামিদুল ইসলাম (৩৫), ১৩. মাহবুবুর রহমান আশিফ (১৯), ১৪. লুবনা (১০), ১৫. জুলফা (৭). ১৬. গৌরীপুর উপজেলার সামান (১০) ও ১৭.শফিকুর রহমান (৪৫)। নিখোঁজ ছিলেন ময়মনসিংহের কোনাপাড়া এলাকার রাকিবুল ইসলাম। আজ তাঁর লাশ উদ্ধার করা হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজুল হক জানান, মৃত ব্যক্তিদের শনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমবি