প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আজ শনিবার চার দিনের সরকারি সফরে জর্ডানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। জর্ডানে আরো বাংলাদেশী শ্রমিক রফতানির বিষয়ে আলোচনার জন্য মন্ত্রী দেশটি সফরে গেছেন।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
প্রবাসীকল্যাণ মন্ত্রীর জর্ডান সফরকালে সেদেশে বাংলাদেশের কর্মী প্রেরণ বিষয়ে দু'দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এছাড়া সে দেশের বিভিন্ন সেক্টরে আরো অধিক পরিমাণে কর্মী নিয়োগ এবং বাংলাদেশী কর্মীদের অধিকার, স্বার্থ সংরক্ষণসহ সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে শ্রমমন্ত্রী দেশটির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বৈঠক করবেন।মন্ত্রী জর্ডানে কর্মরত কর্মীসহ বাংলাদেশ কমিউনিটির সঙ্গেও মতবিনিময় করবেন।
এই সফরে মন্ত্রী পাঁচ সদস্য বিশিষ্ট উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
প্রতিনিধিদলের সদস্যগণ হচ্ছেন- প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. খোন্দকার শওকত হোসেন, বিএমইটি-এর মহাপরিচালক বেগম শামসুন্নাহর, মন্ত্রণালয়ের যুগ্মসচিব নূরুল ইসলাম ও মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ ইব্রাহিম।
মন্ত্রী আগামী ২৯ আগস্ট দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





