ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ও বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

ডিএনসিসিতে মেয়র পদে সাত প্রার্থীর ছয়জনকে বৈধ ঘোষণা করা হয়েছে রিটার্নিং কর্মকর্তা।

আজ (০২ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম এই ঘোষণা দেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ও বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী জিএম কামরুল ইসলামের প্রার্থিতা বাতিল হয়েছে।

জাতীয় পার্টির প্রার্থীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনার মনোনয়নপত্র আমরা দেখেছি। আপনি সিটি করপোরেশনের ভোটার নন। এটা আমরা অনেকবার দেখেছি। এ কারণে আপনার মনোনয়নপত্র গ্রহণ করতে পারছি না।

উত্তর সিটিতে বৈধ মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, সিপিবির সাজেদুল হক, পিডিপির শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ এবং এনপিপির আনিসুর রহমান দেওয়ান।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, মনোনয়নপত্র জমার শেষ দিন পর্যন্ত মোট ৪৬৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে মেয়র পদে ৭ জন, ৫৪টি সাধারণ কাউন্সিলর পদে ৩৭৪ জন এবং ১৮টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৯ জন প্রার্থী রয়েছেন।  

উল্লেখ্য, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি-ডিএসসিসি) নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ২ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি এবং আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এমবি