রাজশাহী কাশিয়াডাঙ্গায় পুলিশের হাত থেকে পালাতে গিয়ে পদ্মা নদীতে ডুবে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) ভোর রাতে এ ঘটনা ঘটে।
নিহত মাদক ব্যবসায়ী মো. আমিনের বাড়ি নগরীর হারুপুর এলাকায়। তার নামে বিভিন্ন থানায় ৬টি মাদক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনসুর আরিফ।
ওসি মনসুর আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৩টায় পদ্মা নদীর আইবাধ এলাকায় মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। মাদক ব্যবসায়ীরা পুলিকে দেখে গুলি ছোঁড়, আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় বন্দুকযুদ্ধ চলাকালে অস্ত্র ও মাদকদ্রব্য ফেলে পালাতে গিয়ে পদ্মা নদীতে ডুবে মো. আমিন নামে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি শার্টারগান, দুই রাউন্ড গুলি ও ৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
তিনি আরও জানান, কিছুক্ষণ পর পদ্মা নদীতে মাদক ব্যবসায়ী আমিনের মৃতদেহ পাওয়া যায়। তবে তার শরীরে কোনো গুলি বা আঘাতের চিহ্ন নেই। লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়। সকালে সেখানে নিহতের স্বজনরা এসে তার পরিচয় শনাক্ত করে। মরদেহের ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর কর হবে।
এসএম





