টিউশন ফির উপর আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে প্রাইভেট মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্ট এসোসিয়েশন।
রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে হলি ফ্যামিলি মেডিকেল কলেজ, বাংলদেশ মেডিকেল কলেজ, বারডেম মেডিকেল কলেজ, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ, ইউনাইটেড ডেন্টাল মেডিকেল কলেজ সহ বিভিন্ন বেসকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
শিক্ষার্থী আরিফুল আলম, মোস্তাকিম শীবলি, নাভেদ মনিকা, মেঘলা আক্তার বলেন, এ সিদ্ধান্তে মধ্যবিত্ত পরিবারের সন্তানদের বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করা কঠিন হয়ে পড়বে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর ৭.৫ শতাংশ হারে ভ্যাট আরোপের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকারি মেডিকেল কলেজে পর্যাপ্ত আসন নেই এবং সেখানে সেশনজট থাকে এসব কারণে দেশের শিক্ষার্থীদের বড় একটি অংশ উচ্চশিক্ষার জন্য বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে বাধ্য হয়।
এদিকে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে। সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি নির্ধারণ না করে অন্যায়ভাবে সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করেছে বলেও মন্তব্য করেন তারা।
শিক্ষার্থীরা আরো বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান ভ্যাট দিবে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে। তাই এ ধরনের তাল বাহানামূলক সিদ্ধান্ত থেকে সরকারকে সরে এসে ভ্যাট প্রত্যাহার করা উচিত।’
এমএ/এমকে





