পুলিশ ক্যাডারে ২৩০টি সুপারনিউমারারি (সংখ্যাতিরিক্ত পদ সৃষ্টি) পদ সৃষ্টি করা হচ্ছে। এ সংক্রান্ত একটি প্রস্তাব মঙ্গলবার জননিরাপত্তা বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

জনপ্রশাসন ও অর্থ বিভাগের সম্মতি সাপেক্ষে এ সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ার পরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এরপরই পুলিশ ক্যাডারের যোগ্য কর্মকর্তাদের পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হতে পারে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

জানা গেছে, ৪ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সারা দেশের ৪৯৫ জন পুলিশ কর্মকর্তার জন্য সুপারনিউমারারি পদে পদোন্নতি দিতে প্রস্তাব পাঠায় পুলিশ সদর দফতর। ওই প্রস্তাবে বলা হয়- প্রশাসন ক্যাডারে উপ-সচিব থেকে তদূর্ধ্ব পর্যায়ে সুপারনিউমারারি পদোন্নতি দিয়ে এ সংক্রান্ত জট নিরসন করা হয়েছে। অন্যান্য ক্যাডারেও এ পদোন্নতির প্রচলন রয়েছে।

এমন বাস্তবতায় পুলিশের বিভিন্ন পদে যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের সুপারনিউমারারি পদোন্নতি প্রদানের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হয় প্রস্তাবে। এ প্রস্তাব পাওয়ার পর করণীয় নির্ধারণে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (পুলিশ ও এনটিএমসি) নুরুল ইসলামকে প্রধান করে একটি কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ইতিমধ্যে কমিটি বৈঠকও করেছে। সর্বশেষ ২৬ সেপ্টেম্বর সুনির্দিষ্ট প্রস্তাব চেয়ে পুলিশ সদর দফতরে চিঠি দেয়া হয়। এতে বলা হয়- ‘পুলিশ অধিদফতরের ৪৯৫ জন কর্মকর্তাকে সুপারনিউমারারি পদে পদোন্নতি প্রদানের জন্য প্রস্তাব প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে কোন কোন পদকে জরুরিভিত্তিতে সুপারনিউমারারি পদ সৃজন করা প্রয়োজন তার সুনির্দিষ্ট প্রস্তাব দ্রুত প্রেরণের জন্য অনুরোধ করা হল।’

সুপারনিউমারারি পদ সৃষ্টি সংক্রান্ত কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য বলেন, নথিপত্র যাচাই-বাছাই শেষে মঙ্গলবার ২৩০টি পদ সৃজনের একটি প্রস্তাব সম্মতির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এরপর ওই প্রস্তাব যাবে অর্থ বিভাগে। দুই মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পর তা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হবে। এরপর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে তোলা হতে পারে অথবা সরাসরি প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুলিশ ক্যাডারে পুলিশ সুপার পর্যায়ে সুপারনিউমারারি পদ সৃজন করা হলে তা হবে প্রথম নজির। কারণ এ পর্যায়ে প্রশাসন ক্যাডারেও কোনো সুপারনিউমারারি পদ নেই। তবে সরকারের উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত পদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জন্য ৪৩০টি সুপারনিউমারারি পদ সংরক্ষিত রয়েছে।

আর এসব পদে পদোন্নতি পান প্রশাসনসহ অন্যান্য ক্যাডারের কর্মকর্তারাও। যারা সরকারের উপসচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব হতে আগ্রহী। তবে প্রশাসন ক্যাডারের বেশিরভাগ কর্মকর্তা এসব পদে পদোন্নতি পান বলে এ পদ শুধু প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের জন্য সংরক্ষিত বলে অনেকে মনে করেন। কিন্তু বাস্তবে এসব পদ সরকারের।

পুলিশের বঞ্চিত কর্মকর্তাদের দাবি, বর্তমানে পুলিশ ক্যাডারে যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্ন ব্যাচের শতাধিক কর্মকর্তা পদোন্নতি পাননি। যারা এখনও অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত রয়েছেন। এর মধ্যে ১৭, ১৮, ২০ ও ২২ ব্যাচের প্রায় ৪০ জন এবং ২৪ ব্যাচের ৯২ জন কর্মকর্তা রয়েছেন। পাশাপাশি নিয়মিত হিসেবে ২৫তম ব্যাচের ১৮২ জন কর্মকর্তা পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন। পদ খালি না থাকায় এসব কর্মকর্তাদের পদোন্নতি দেয়া যাচ্ছে না। এছাড়া এসব কর্মকর্তার পদোন্নতির ক্ষেত্রে সরকারের অতিরিক্ত কোনো অর্থেরও প্রয়োজন হবে না। কারণ তারা ইতিমধ্যে পদোন্নতি পাওয়ার পর যে স্কেলে বেতন পাবেন তা বর্তমানেই পাচ্ছেন। এসব যুক্তি তুলে ধরে ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা বিভাগের সচিবসহ সংশ্লিষ্টদের সঙ্গে দেখা করছেন তারা। সূত্র: যুগান্তর।

এসএম