বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরহোগলা গ্রামে স্কুলছাত্রী ভাতিজীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গিয়ে চাচা আ. খালেক হাওলাদারকে (৬০) পিটিয়ে হত্যা করেছে বখাটেরা।

গতকাল বুধবার রাতে এ হামলা চালানো হয়। পরে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার কয়েক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান আ. খালেক হাওলাদার।

ঘটনাস্থল পরিদর্শনকরী কোতয়ালি মডেল থানার সহকারী কমিশনার (এসি) আসাদুজ্জামান জানান, নিহতের ভাই নূর হোসেনের মেয়ে সুবর্ণা চরহোগলা হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। একই এলাকার বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র তুষারসহ বেশ কয়েকজন যুবক স্কুলে যাওয়া আসার সময় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত।

বিষয়টি ওই স্কুলছাত্রীর ফুফা আব্দুল খালেক হাওলাদার ও চাচা আ. খালেক হাওলাদারের নজরে আসলে তারা তুষারকে সতর্ক করেন এবং পরিবারের কাছে বিচার দেন। এতে ক্ষিপ্ত হয়ে ৬/৭ জন যুবককে সঙ্গে নিয়ে তুষার গতকাল বুধবার রাতে আব্দুল খালেকের ওপর হামলা চালায়। ওই সময় আব্দুল খালেক চাঁদেরহাট বাজারে ছিলেন।

হামলায় গুরুতর আহত হন আব্দুল খালেক। স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার কয়েক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান আ. খালেক হাওলাদার।

এসি আসাদুজ্জামান আরো জানান, নিহতের মরদেহ সূরতহাল ও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র তুষারসহ তার সহযোগীরা আত্মগোপনে রয়েছে। তবে তাদের গ্রেফতারে রাতেই এলাকায় অভিযান চালিয়েছে কোতয়ালি মডেল থানা পুলিশ।

এমএনজে