স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলার কৃষকেরা লড়াই করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের কৃষকেরা হলো লড়াকু সৈনিক। কোন জীবনযুদ্ধে তারা পরাজিত হয় না। দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছে, কারণ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনরা নেতৃত্বে বাংলার কৃষকেরা লড়াই করেছে বলে। সেই সঙ্গে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী নিরলস কাজ করেছেন বলেই তা সম্ভব হয়েছে।’
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় সোমবার সকালে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ধানের চারা বিতরণকালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের কাছে বাংলাদেশ একটি মডেল দেশে পরিণত হয়েছে। বিশেষ করে স্বাস্থ্য বিভাগে কমিউনিটি ক্লিনিক, মা ও শিশুর মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে, দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে এবং দেশের কৃষি উন্নয়নের ক্ষেত্রে। দেশের দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রেও দেশ অনেক দূর এগিয়ে গেছে। এ সকল সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণেই।’
জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সম্প্রসারণ) মোশারফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক আব্বাস আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, কৃষক প্রতিনিধি এস এম আব্দুল আজিজ প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার ১৫০ জন কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করা হয়।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





