চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ সিএন্ডবি পাড়ার একটি চার্জার লাইট কারখানার পায়খানার সেফটি ট্যাঙ্ক থেকে মাহফুজ আলম সজীব (১৪) নামে এক স্কুল ছাত্রের গলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল ৯টায় র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে। সজীব দামুড়হুদা উপজেলা শহরের দশমী ব্রীজ পাড়ার মরহুম হাবিবুর রহমানের একমাত্র ছেলে ও চুয়াডাঙ্গা ভি. জে. সরকারি উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেণির ছাত্র।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সহকারী পরিচালক মেজর মনির আহমেদ জানান, গত সোমবার (২৯ জুলাই) দামুড়হুদা উপজেলার চত্বরের বৃক্ষমেলার মাঠ থেকে সজীবকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর পরিবারের কাছে তারা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।
ওই টাকা দিতে না পারায় সজীবকে হত্যা করে তার লাশ পায়খানার সেফটি ট্যাংকে ফেলে দেওয়া হয়। এই অপহরণ ও খুনের মূল হোতা আলোকদিয়া ইউপি মেম্বার রাকিবুল ইসলাম রাকিব। ওই ইউপি সদস্যসহ জড়িতদের ধরতে অভিযান চলছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক বলেন, এই ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি অপহরণ মামলা হয়েছে। দামুড়হুদা থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এমএনজে





