মাগুরার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক নায়েমের সাবেক মহাপরিচালক, বরিশাট হাইস্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. এম এ জলিল করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি ১ স্ত্রী ৪ কন্যা ৩ ভাই, ২ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর ছোট ইন্জিনিয়ার ফজেল হোসেন জানান, ঢাকার ধানমন্ডিতে বসবাসরত আমার বড় ভাই প্রফেসর ড. এম এ জলিল গত ১ জুন সোমবার হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্য চিকিৎসক মিনিস্ট্রোক হয়েছে বলে জানান। চিকিৎসা চলাকালীন আজ (০৯ জুন) সকালে ভাইয়ের স্বাস্থ্যের অবনতি হলে সকাল ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেলে ইন্তেকাল করেন।
তিনি আরও জানান, গতকাল তাঁর শরীর থেকে নমূনা সংগ্রহ করা হয়েছিলো এবং আজই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, তার লাশ ঢাকা থেকে নামাজে জানাজা শেষে গ্রামের বাড়ি মাগুরা শ্রীপুরের বরিশাটে মা- বাবার কবরের পাশে দাফন করা হবে।
ক্ষণজন্মা এই পুরুষ ১৯৩৪ সালে মাগুরা জেলা শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে জন্ম গ্রহন করেন, তিনি ১৯৮০ সালে অর্থনীতি ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাইফুল্লাহ/এমবি





