রাজধানীর উত্তরায় মাইক্রোবাসে জোরপূর্বক তুলে নিয়ে এক নারীকে ধর্ষণের চেষ্টায় জড়িত দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে উত্তরা পূর্ব থানা পুলিশ তাদের গ্রেফতার করে। তারা হলেন- রুবেল ও জাহিদ।
ডিএমপি’র উত্তরা জোনের পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (এসি) সোহেল রানা বলেন, রাত ৯টার দিকে পুলিশের টহল টিম একটি মাইক্রোবাসকে (নম্বর: ঢাকা মেট্রো গ-১৩-২২৮৭) সন্দেহ করে।
এরপর মাইক্রোটির গতিরোধ করে দেখতে পায়, দুই যুবক একজন নারীকে অপহরণ করে নিয়ে যাচ্ছেন। মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে তারা।
মেয়েটি সিলেটের খালার বাড়ি থেকে গাজীপুরে বাবার বাড়ি যাওয়ার পথে উত্তরা নামলে তাকে জিম্মি করে মাইক্রোবাসে তোলেন ওই দুই যুবক। তার স্বামীর বাড়ি সিরাজগঞ্জ বলে জানান মেয়েটি।
আটককৃত দুই যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে (মামলা নম্বর ৩)।
এসি সোহেল রানা বলেন, আটককৃতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বর্তমানে মেয়েটিও পুলিশের হেফাজতে রয়েছে।
এআর





