রাজধানীর উত্তরায় এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে থানায় মামলা না নেয়ার অভিযোগে উত্তেজিত সাধারণ জনতা সড়ক অবরোধ করায় বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেখানে কয়েকটি যানবাহন ভাঙচুরের শিকার হয়েছে বলে খবর পাওয়া গেলেও পুলিশ এর সত্যতা নিশ্চিত করতে পারেনি।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার থেকে রাস্তা অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয় স্থানীয়রা।
স্থানীয়দের ও পরিবারের অভিযোগ, ৭ বছরের শিশু রিফাত তার বন্ধুদের সঙ্গে স্থানীয় এক বাড়িতে খেলতে গেলে বাড়িওয়ালা তাদের মারধর করেন। এতে রিফাতের মৃত্যু হয়। ঘটনা ধামাচাপা দিতে বাড়িওয়ালা বাড়ির পানির ট্যাংকিতে ফেলে দেয় রিফাতের মরদেহ।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করে। এই ঘটনার বিচার চেয়ে মরদেহ দাফন করেনি পরিবার। অন্যদিকে অভিযুক্ত বাড়িওয়ালা প্রভাবশালী হওয়ায় পুলিশ মামলা নিচ্ছে না বলে দাবি বিক্ষোভকারীদের।
দক্ষিণখান থানার এসআই সুজন জানান, আজমপুরের বাসিন্দা আবদুর রশিদের সাত বছরের ছেলে রিফাতকে খুঁজে পাচ্ছিল না তারা। তাদের প্রতিবেশী অজিত কুমার বসাকের বাড়ির ভেতরে একটি নর্দমায় রিফাতের লাশ পাওয়া যায়। এরপর রিফাতের বাবা দক্ষিণখান থানায় যান অজিত কুমারের বিরুদ্ধে মামলা করার জন্য। কিন্তু থানার ওসি তপন চন্দ্র উপযুক্ত প্রমাণ না থাকার কারণ দেখিয়ে তার মামলা নেননি।
এ ব্যাপারে উত্তরা মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিকী ব্রেকিংনিউজকে বলেন, দক্ষিণ খান এলাকায় সকালে একটি শিশু দুর্ঘটনায় মারা যায়। এরপর উত্তেজিত এলাকাবাসী সড়কে ব্যারিকেড দিয়েছে।
রাজলক্ষ্মী মোড়ের কাছে ইউলুপে ওই অবরোধের কারণে দুই দিকে আটকা পড়েছে শত শত যানবাহন। স্থানীয়রা জানিয়েছেন, স্থানীয় লোকজন জসীমউদ্দিন মোড় থেকে রাজলক্ষ্মী মোড় পর্যন্ত রাস্তায় বিক্ষোভ মিছিল করছে।
এসএম





