রাজধানীর উত্তরার একটি বাসায় এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহতের নাম কাজী গোলাপ হোসেন (৪৫)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে পুলিশ উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ৩ নম্বর বাড়ির সপ্তম তলায় ছাদে একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে।

জানা গেছে, গোলাপ একটি পরিবহনের আব্দুল্লাহপুরের কাউন্টার মাস্টার ছিলেন। তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে। তিনি উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ৩ নম্বর বাড়ি সপ্তম তলায় ছাদে একটি রুমে স্ত্রী ও মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। ৮-১০ দিন আগে গোলাপের স্ত্রী-সন্তান গ্রামের বাড়িতে বেড়াতে যান। এ সময় গোলাপ একাই ওই বাসায় ছিলেন। সকালে গোলাপকে ফোন দিয়ে তার স্ত্রী মোবাইল বন্ধ পান।

এরপর তিনি ওই বাসার কেয়ারটোকার রফিকুল ইসলামকে ফোন করে গোলাপের খোজ নিতে বলেন। রফিকুল বাসার ছাদের ওই রুমে গিয়ে দরজা বাইরে থেকে তালা মারা দেখতে পান। কিন্তু একটি জানালা খোলা থাকায় তা দিয়ে ভেতরে রক্তাক্ত অবস্থায় গোলাপের লাশ পড়ে থাকতে দেখেন। এরপর তিনি বিষয়টি থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার শচীন মল্লিক জানান, খবর পেয়ে উত্তরা পশ্চিম থানার ওসিসহ পুলিশ সদস্যদের নিয়ে তিনি ঘটনাস্থলে যান এবং লাশটি উদ্ধার করেন। এটি একটি হত্যাকাণ্ড। গোলাপের লাশটি ঘরের মধ্যে গলাকাটা অবস্থায় পড়ে ছিল। এছাড়া তার পেটেও ছুরিকাঘাত করা হয়েছিল।

এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এমবি