মুন্সীগঞ্জ সদর উপজেলার বল্লালবাড়ি এলাকায় ছয়টি বসতঘর ও একটি টেইলার্স আগুনে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

শুক্রবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শেষরাতে মনির গার্মেন্টস নামে একটি টেইলার্স থেকে আগুনের সূত্রপাত হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে ওই টেইলার্স ও পাশের ছয়টি বসতঘর পুড়ে যায়।

ক্ষতিগ্রস্তদের দাবি, নগদ টাকা, আসবাব ও মালপত্রসহ বসতঘর পুড়ে তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফজলুল হক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কেএইচ