সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অবস্থিত ‘ভারস্যাটাইল জিনিয়াস’কবিগুরু রবীন্দ্রনাধ ঠাকুরের কাছারি বাড়ির মূল ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।

দ্বিতল ভবনের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত চারটি কক্ষের মাঝামাঝি একই সমান্তরালে ঝুঁকিপূর্ণ একটি ফাটলের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় মূল ভবনের প্রথম তলার ছাদ ধসে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে কবিগুরুর স্মৃতি সংবলিত এ ভবনটি রক্ষায় দ্রুত সংস্কার কাজ শুরু করার জন্য ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন শাহজাদপুরবাসী।

শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক অধ্যক্ষ অধ্যাপক আজাদ রহমান গণমাধ্যমকে বলেন, কবিগুরুর কাছারি বাড়ির সৌন্দর্য ও গুরুত্ব রক্ষার্থে সরকারের অনুসৃত নীতিমালা অবিলম্বে কার্যকর হওয়া উচিত। রবীন্দ্রনাথের কাছারি বাড়ি আমাদের পুরাকীর্তি। এর রক্ষণাবেক্ষণ সরকারের পবিত্র দায়িত্ব।

রবীন্দ্র গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক নাছিম উদ্দিন মালিথা বলেন, শাহজাদপুরের গৌরবের প্রধান চারটি বিষয় হলো- হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়ামেনীর (রহ.) মাজার, মখদুমিয়া জামে মসজিদ, বিশ্বকবি রবীন্দ্রনাথের কাছারি বাড়ি ও তাঁতশিল্প।

ওই চারটি বিষয়ের মাধ্যমে শাহজাদপুর আন্তর্জাতিকভাবে পরিচিত ও গৌরবান্বিত। তাই এ সম্পদগুলোকে রক্ষায় সরকারের বিশেষ নজর দেওয়া উচিত বলে তিনি মনে করেন।

কাছারি বাড়ি কাস্টডিয়ান মো. মুজিবুর রহমান ফাটলের সত্যতা নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ফাটলের বিষয়টি চিঠির মাধ্যমে জানানো হয়েছে। কর্তৃপক্ষ নির্দেশ দিলে সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ