ঘন কুয়াশার কারণে দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাড়ে ছয় ঘণ্টা ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ ছিল।রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়াঘাট অফিসের সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি সমকালকে জানান, রোববার সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে।

এ অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে নদী এলাকা কুয়াশাচ্ছন্ন হয়ে মার্কিং বাতি (বিকন বাতি) দৃষ্টিসীমার বাইরে চলে যায়। যে কোন ধরনের দুর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখা হয়।

সোমবার ভোর ৫টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিগুলো উভয় ঘাটে বসে থাকে।

এদিকে টানা সাড়ে ৬ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাট এলাকায় শত শত যানবাহন সিরিয়ালে আটকা পড়ে। আটকে পড়া যানবাহনের যাত্রীরা এসময় তীব্র শীতের মধ্যে চরম দুর্ভোগে পড়েন।

এমআর