প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের শিক্ষার্থীদের ইউজিসির বিজ্ঞপ্তি দেখে শংকিত না হওয়ারও আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্রের স্বীকৃত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদ অবৈধ ঘোষণার এখতিয়ার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নেই।

ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের উপ পরিচালক জেসমিন পারভিন সম্প্রতি গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন, ১৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামের প্রদত্ত সার্টিফিকেট অবৈধ। এসব বিশ্ববিদ্যালয় উপাচার্যবিহীন অথবা ভারপ্রাপ্ত উপাচার্য দিয়ে চলছে। ১৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নামও আছে।

বরেণ্য শিক্ষাবিদ, একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ড.অনুপম সেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বে আছেন। রোববার  প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গণমাধ্যমে আরেকটি বিজ্ঞপ্তি পাঠিয়ে ইউজিসির বিজ্ঞপ্তির জবাব দিয়েছে।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩১ (১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপাচার্য নিয়োগ দেয়ার জন্য প্রস্তাব পেশ করবেন এবং উপাচার্য নিযুক্ত করবেন আচার্য।

ওই আইন অনুযায়ী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিয়োগ পাওয়া এবং আচার্যের অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন আছে।

মাসুম/নাজিব