শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে আব্দুল হালিম (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার ধলা ইউনিয়নের দক্ষিণ বাকারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সদর উপজেলার বাকারকান্দা দক্ষিণপাড়া গ্রামের মৃত হানিফ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দক্ষিণ বাকারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্থানীয় আব্দুল হামিদ মাস্টার ও বাক্কা মিয়ার সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে শনিবার দুপুরে স্কুলমাঠে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে আব্দুল হামিদের বড় ভাই আব্দুল হালিম প্রতিপক্ষের অস্ত্রের এলোপাথারি আঘাতে ঘটনাস্থলেই মারা যান।

শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ