ঘন কুয়াশায় বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল। মাঝ পদ্মায় যানবাহনসহ আটকা পড়েছে ছয়টি ফেরি।
শনিবার ভোর সাড়ে চারটা থেকে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। পাটুরিয়া ঘাটে সাতটি ও দৌলতদিয়া ঘাটে তিনটি ফেরি নোঙর করে আছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল ফেরি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে যায় পদ্মা নদী। বিভিন্ন ফেরিতে ফগ লাইট থাকলেও তা কুয়াশার ঘনত্ব ভেদ করতে পারছে না। কুয়াশার মাত্রা বেশি হওয়ায় নৌরুটে দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে চারটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মাঝ নদীতে যানবাহন ও যাত্রী নিয়ে আটকা পড়েছে ছয়টি ফেরি।
তিনি আরো জানান, পাটুরিয়া ফেরিঘাট এলাকায় সাতটি এবং দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় তিনটি ফেরি যানবাহন ও যাত্রী বোঝাই করে ঘাটে নোঙর করে আছে। কুয়াশার ঘনত্ব কমে আসলে ফেরি চলাচল শুরু হবে।
জেড





