রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজন মারা গেছেন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে চারজন করোনার উপসর্গ নিয়ে এবং একজন করোনা নেগেটিভ হয়ে মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মৃত্যুর তথ্য নেই। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে রাজশাহীর দুজন, নওগাঁর একজন এবং পাবনার একজন মারা গেছেন। এছাড়া করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় চাঁপাইনবাবগঞ্জের আরেকজন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের লাশ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।

শামীম ইয়াজদানী বলেন, গত এক দিনে দুজন করে মারা গেছেন হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) এবং ৩ নম্বর ওয়ার্ডে। এছাড়া ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন মারা গেছেন। এদিকে ২৪০ শয্যার করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১১৬ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১১৩।

বর্তমানে রাজশাহীর ৫৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ২৭ জন, নাটোরের ১২ জন, নওগাঁর ১১ জন, পাবনার ১৪ জন, কুষ্টিয়ার দুজন, চুয়াডাঙ্গার তিনজন এবং মেহেরপুরের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩১ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৮ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২৭ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩০ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ১৯ জন। এর আগে বৃহস্পতিবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে আটজনের নমুনায়।

এমবি