ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে মহাসড়কে ব্যারিকেড দিয়ে যানবাহনে আগুন দেয়ার পাশাপাশি নির্বিচারে গাড়ি ভাঙচুর করেছে অজ্ঞাত ব্যক্তিরা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে ২০দলীয় জোটের ডাকে চলমান অবরোধ কর্মসূচির মধ্যে বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে সীতাকুন্ডের সলিমপুর,ফকিরহাট এলাকায় এসব ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে স্লোগান দিয়ে মহাসড়কে ব্যারিকেড দিয়ে এলোপাথাড়ি গাড়ি ভাঙচুর করতে থাকে ৪০-৫০ জন ব্যক্তি। এ সময় আগুন দেয়া হয় দু’টি ট্রাক এবং একটি কাভার্ড ভ্যানে। খবর পেয়ে সীতাকুন্ড থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় ভাঙচুরকারীরা। হামলার শিকার সবগুলো যানবাহনই ছিলো রাজধানীমুখী।

ভাঙচুর ও গাড়িতে আগুন দেয়ার ঘটনা স্বীকার করে সীতাকুন্ড থানার অফিসার ইন চার্জ (ওসি) ইফতেখার হাসান দু’টি গাড়িতে অগ্নিসংযোগের সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া দেয়। এ সময় তিনজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

কেএইচ