সুনামগঞ্জের দিরাইয়ে পাঁচ বছরের শিশু তুহিন হাসান হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরে তুহিনের মা বাদী হয়ে ১০ জনকে আসামি করে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত ওসি আবু তাহের মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের নাম এখনও জানা যায়নি।

এদিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে রাতেই তুহিনের মরদেহ দাফন করা হয়েছে।

দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল বলেন, সোমবার রাতে তুহিনের মা ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। তুহিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর রাতেই দাফন করা হয়েছে।

প্রসঙ্গত, গেল রোববার রাতে সুনামগঞ্জের দিরাইয়ে শিশু তুহিনকে হত্যা করে গাছের সঙ্গে মরদেহ ঝুলিয়ে রাখে ঘাতকরা।

সোমবার ভোরে গাছের সঙ্গে ঝুলানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তুহিনের পেটে দুটি ধারালো ছুরি বিদ্ধ ছিল। তার পুরো শরীর রক্তাক্ত, কান ও লিঙ্গ কর্তন অবস্থায় ছিল। তুহিন ওই গ্রামের আব্দুল বাছিরের ছেলে।


এএস