বিএনপি-জামায়াত শাসনামলে শিক্ষা খাতের দুর্নীতির উদাহরণ দিতে গিয়েই ঘুষ প্রসঙ্গ আসে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত শাসনামলের শিক্ষা খাতের ঘুষ-দুর্নীতির উদাহরণ দিতে গিয়েই সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মন্ত্রীদের চোর বলেছিলাম।

শিক্ষামন্ত্রী বলেছিলেন, ‘খালি যে অফিসার চোর, তা না, মন্ত্রীরাও চোর, আমিও চোর... সবাইকে আমাদের পরিবর্তন করতে হবে।’ এমন বক্তব্যের পর তোলপাড় সৃষ্টি হয়। তার জবাব দিতে আজ প্রেস বিফিং ডাকেন মন্ত্রী।

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেয়া লিখিত বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘২০০৯ সালে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের সময় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও সংস্থাসমূহের মধ্যে ভাবমূর্তির দিক থেকে সবচেয়ে পিছিয়ে ছিল পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। চরম দুর্নীতি, অব্যবস্থাপনা, মনিটরিং দুর্বলতা ছিল দৃশ্যমান।

তিনি আরো বলেন, কিছু গণমাধ্যম বক্তব্যের খন্ডিত অংশ প্রকাশ করেছে।