কক্সবাজারের রামু উপজেলায় বাসের ধাক্কায় শহীদুল্লাহ শহীদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহীদুল্লাহ কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী এলাকার সোনা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রাতে যাত্রীবাহী তোবা পরিবহনের একটি বাস কক্সবাজার শহর থেকে ঢাকার দিকে রওনা হয়। উপজেলার রশিদনগরের পানিরছড়া গ্যারেজ এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শহীদুল্লার মৃত্যু হয়।

রামু হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান,দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহকারী বাসটি রেখে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

এমই