আজ ৮ মে (বুধবার)। বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। যুদ্ধে আহতদের সেবার মহানব্রত নিয়ে ১৮৬৩ সালের এ দিনে রেডক্রস/রেড ক্রিসেন্ট নামে সেবামূলক প্রতিষ্ঠান গড়ে ওঠে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘ভালোবাসা’।

১৮২৮ সালের এই দিনে রেড ক্রস, রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভায় জন্মগ্রহণ করেন।

এই মহান ব্যক্তিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার জন্য প্রতিবছর তার জন্মদিনটিকে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারা বিশ্বে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়।

দিবসটির কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, রেড ক্রিসেন্ট অ্যাওয়ার্ড প্রদান এবং সকাল ১১টায় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক।

বিশেষ অতিথি থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার।

উপস্থিত থাকবেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা. হাবিব এ মিল্লাত, ট্রেজারার অ্যাডভোকেট তৌহিদুর রহমান ও সোসাইটির মহাসচিব ফিরোজ সালাহ উদ্দিন।

এ বছর রেড ক্রিসেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেন।

এ ছাড়া হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ, দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, সদস্য এবং তহবিল সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হবে।

দেশের সব জেলা সদরেও রেড ক্রিসেন্ট সোসাইটির সংশ্নিষ্ট জেলা ইউনিটগুলো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন করবে।


এএস