বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে টানা চারদিন ধরে পণ্য খালাস বন্ধ রয়েছে। তবে বন্দর জেটিতে পণ্য ওঠা-নামার কাজ চলছে।
প্রবল বর্ষণে সাগর উত্তাল থাকায় গত বুধবার থেকে বহিনোঙ্গরে অবস্থান করা জাহাজ থেকে পণ্য খালাস হচ্ছে না। এর আগে সোমবার থেকে পণ্য খালাসে বিঘ্ন ঘটে।
বন্দর সূত্র জানায়, বহিনোঙ্গরে অবস্থা করা ১৩টি জাহাজে প্রায় ৮ লাখ টন পণ্য রয়েছে। এরমধ্যে ডাল, গম, সয়াবিন, লবণ, সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিংকারসহ বিভিন্ন ধরণের পণ্য রয়েছে।
ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশীদ বলেন, বৈরী আবহাওয়ার কারণে গত সোমবার কেউ লাইটার জাহাজ ভাড়া নেয়নি।
মঙ্গলবার একটি ভাড়া নিয়েছেন। বুধবার থেকে আজ (শনিবার) পর্যন্ত কোন জাহাজ ভাড়া নেয়নি। এখনো বহির্নোঙ্গরে পণ্য খালাস বন্ধ রয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, পণ্য খালাস না হওয়ায় কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাটে লাইটার জাহাজ নোঙর করে রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত জাহাজে পণ্য বোঝাইয়ের কাজ বন্ধ থাকবে।
চট্টগ্রাম বন্দর জেটিতে ১৯০ মিটার লম্বা ও সাড়ে ৯ মিটার ড্রাফটের বেশি বড় জাহাজ ভিড়তে পারে না। এসব জাহাজ বহির্নোঙরে অবস্থান করে।জাহাজের ক্রেনের সাহায্যে ছোট আকারের জাহাজে (লাইটার) পণ্য স্থানান্তর করা হয়।
জেআই





