নিয়োগের পর ১০ মাস কেটে গেছে। এর মধ্যে মাত্র একদিন ক্লাসে এসেছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তানভী ঝুমুর।

৯ মাস ২৯ দিন অনুপস্থিত থাকলেও সময়মতো ঠিকই বেতন তুলছিলেন তিনি। গত বৃহস্পতিবার তাকে এমন অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় প্রাথমিক শিক্ষা অধিদফরের মহাপরিচালকের নির্দেশক্রমে তাকে বরখাস্ত করা হয়।

শুক্রবার বেলা ৩টা ২৫ মিনিটে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মু. জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, সহকারী শিক্ষক তানভী ঝুমুকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের নির্দেশনাও দেয়া হয়েছে।

এর আগে তানভী ঝুমুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে জরুরিপত্র পাঠানো হয়। তাহিরপুরের দক্ষিণ শ্রীপুরের মৃত আবুল কাশেমের মেয়ে তানভী ঝুমুর।

তিনি তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে নিয়োগ পান।

প্রাথমিক শিক্ষা দফতরে তদবির করে তিনি ডেপুটেশনে আসেন সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

এএস