যুবলীগ নেতা সাদিক আব্দুল্লাহ’র পিস্তলের গুলিতে টুটুল নামে এক মৎস্য ব্যবসায়ী আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কুয়াকাটা সি ভিউ হোটেলের ভিআইপি রুমে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গুলিবিদ্ধ টুটুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই সাদিক আব্দুল্লার গাড়িতে করে পটুয়াখালি মেডিকেলে নেওয়া হয়েছে। বিষয়টি ধামাচাপা দিতে গুলিবিদ্ধ টুটুল’র পক্ষ থেকে কেউ মুখ খোলেননি।

সূত্র জানায়, বরিশাল জেলা আ’লীগের সভাপতি ও সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ’র পুত্র কেন্দ্রীয় যুবলীগ সদস্য সাদিক আব্দুল্লাহ বরিশাল নগরীর সব (৩০ টি) ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকসহ ৬০/৭০ জন বনভোজন করতে কুয়াকাটা গেছেন। সেখানে তারা সবাই হোটেল সি-ভিউতে রয়েছেন।

হোটেল ম্যানেজার সোলায়মান জানান, গতকাল বিকেল সাড়ে ৪ টায় ভিআইপি কক্ষে সাদিক আব্দুল্লার পিস্তলটি নাড়াচাড়া করছিলেন। এ সময় পিস্তলের চাবিতে চাপ লেগে তাদের সাথে সাক্ষাত করতে আসা কুয়াকাটার মৎস্য ব্যবসায়ী টুটুলের পায়ের একপাশে গুলি লেগে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। এতে ছোপ ছোপ রক্তে ভিআইপি কক্ষের পুরো ফ্লোর ভিজে যায়। পরে তাকে তালতলী নামক স্তানে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর পরও আশংকাজন হওয়ায় রাতে পটুয়াখালী হাসপাতালে নেওয়া হয় বলে তথ্য দেন সি-ভিউ হোটেল ম্যানেজার সোলায়মান।

এ ঘটনার সত্যতা জানতে কুয়াকাটায় অবস্থানরত যুবলীগ নেতা সাদিক আব্দুল্লাহর মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।

এমআর, জেএ