দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শহরের নতুন বাজার শহীদ মিনার এলাকায় জ্বালানি তেলবাহী (পেট্রোল) একটি লরিতে আগুন লেগেছে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে শহরের নতুন বাজার শহীদ মিনার এলাকায় কাপড় মার্কেটের সামনে লরিটিতে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) এনায়েতুর রহমান।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপন গ্যাস সিলিন্ডারের সাহায্যে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১১টার দিকে শহরের নতুন বাজারের বার্মা ট্রেডার্সে যাওয়ার পথে কাপড় মার্কেটের মোড়ে বাঁক নেওয়ার সময় হঠাৎ লরিটির নিচের পাইপে আগুন ধরে যায়।
লরিতে পেট্রোল থাকায় রাস্তার পাশের ফুটপাতের সিদ্ধ ডিমের দোকানের চুলার আগুন থেকে এ আগুন লাগে। এ সময় পাশের কাপড় মার্কেটসহ আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ও টহল পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।
মল্লিক সু স্টোরের মালিক সবুজ মল্লিক তার দোকানে রক্ষিত অগ্নিনির্বাপন গ্যাস সিলিন্ডার এনে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এমআর





