সিলেটের টিলাগড় এলাকায় বাসের ধাক্কায় জেলা ছাত্রলীগের সহসভাপতিসহ দুজন আহত হয়েছেন। তাদের অবস্থা গুরুতর।

আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে টিলাগড় পয়েন্টে এই ঘটনা ঘটে। সিলেট জেলা ছাত্রলীগের সহসভাপতি রাশেদুল ইসলাম রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে জেলা ছাত্রলীগের সহসভাপতি হুসাইন আহমদ এমসি কলেজ ছাত্রলীগ নেতা সালমান আহমদকে নিয়ে মোটরসাইকেলে করে নগরীতে যাচ্ছিলেন। টিলাগড় পয়েন্টে আসামাত্র জাফলং থেকে ছেড়ে আসা একটি বাস পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা মারে। এতে হুসাইন ও সালমান ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দিকে আহত ছাত্রলীগ নেতাদের দেখতে ওসমানী হাসপাতালে ছুটে যান সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সহসভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী প্রমুখ।

কেএইচ