রাজধানীর পল্লবী থানার দু'টি ক্যাম্পের মধ্যে মারামারির ঘটনায় এক আসামীর মৃত্যু হয়েছে। মৃত ওই আসামীর নাম মো.জনি (২৫)। জনি পল্লবীর ইরানি ক্যাম্প এলাকার মো.মোস্তফার ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পল্লবী থানার এসআই আবু সাঈদ জানান, পল্লবী থানাধীন ইরানি ক্যাম্প ও রহমত ক্যাম্পের মধ্যে শনিবার দিনগত রাত আড়াইটার দিকে ব্যাপক মারামারির ঘটনা ঘটে।
২ ক্যাম্পের মারামারি নিয়ন্ত্রণে আনতে পল্লবী থানার এসআই জাহিদুর রহমান খান জনিসহ ৫ আসামীকে আটক করে থানায় নিয়ে আসেন।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ জিয়াউজ্জামান টাইম নিউজবিডিকে জানান, আটককৃতদের থানা হাজতে রাখা হলে রোববার সকাল সাড়ে ৭টার দিকে জনি বুকে ব্যথা অনুভব করছেন বলে দায়িত্বরত পুলিশ সদস্যদের জানান। পরে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে মিরপুর আধুনিক হাসপাতাল ও পরে হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়।
তবে অবস্থার অবনতি হওয়ায় সকাল সাড়ে ১০টার দিকে জনিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের ডেড খাতায় শারীরিক নির্যাতনজনিত কারণেজনির মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
[b]ঢাকা, ০৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // [/b][b][b]জেইউ/[/b]এফএ [/b]